মুন্সিগঞ্জে পুকুরপাড়ে মিললো গুলিসহ বিদেশি পিস্তল, অভিযান চলছে
মুন্সিগঞ্জ, ২ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
এ ঘটনায় অস্ত্রের প্রকৃত মালিককে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বলা হয়, আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে এ উদ্ধার অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের এসআই (নি.) পলাশ কান্তি রায়।
গোপন সংবাদের ভিত্তিতে টংগীবাড়ী থানার যশলং ইউনিয়নের হাটখান এলাকায় সাবেক ইউপি সদস্য ইয়ারব হাওলাদারের বাড়ির পশ্চিম পাশের পুকুরপাড়ে অভিযান চালানো হয়।
এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্রের প্রকৃত মালিককে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।


