মুন্সিগঞ্জে দুই শতাধিক মানুষের মাঝে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতা কর্মসূচি
মুন্সিগঞ্জ, ৩ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
“রক্তে জীবন, রক্তে প্রাণ—আসুন করি রক্তদান” এই স্লোগানকে ধারণ করে মানবসেবায় এগিয়ে যাচ্ছে ন্যাশনাল ইয়ুথ ব্লাড সার্ভিস। এরই ধারাবাহিকতায় সংগঠনটির উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে সদর উপজেলার রামপাল ইউনিয়নের জোড়ার দেউল জামে মসজিদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এ কার্যক্রমে প্রায় দুই শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. ইয়াসিন আহাম্মেদ, দপ্তর সম্পাদক মরিয়ম ইসলাম, কার্যকারী সদস্য মোমিন সাদসহ সংগঠনের সদস্য ইসাত রহমান ও শারিকা ইসলাম।
কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মাঝে রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয় এবং স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।


