৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ২:৫৯
মুন্সিগঞ্জে তুচ্ছ ঘটনায় কিলঘুষিতে প্রাণ গেছে বৃদ্ধের, গ্রেপ্তার ১
খবরটি শেয়ার করুন:
38

মুন্সিগঞ্জ, ৩১ মার্চ ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজংয়ে তুচ্ছ ঘটনায় কিলঘুষিতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম নিয়াশা চন্দ্র দাস (৫৭)। তিনি উপজেলার কলমা ইউনিয়নের দাসপাড়া এলাকার বাসিন্দা এবং মনীন্দ্র চন্দ্র দাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী অসিম দাসের স্ত্রীর ঘরে উঁকি দেওয়ার অভিযোগ তুলে সোমবার রাতে নিয়াশা চন্দ্র দাসকে ডেকে নিয়ে যান অসিমের ভাই মহাদেব। পরে তাঁকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

রাত আনুমানিক তিনটার দিকে তাঁকে দাসপাড়া হরি সভা মন্দিরের সামনে ডেকে আনা হয়। এ সময় মহাদেবের সহযোগী মাহবুব তাঁকে থাপ্পড় দিলে তিনি সড়কে লুটিয়ে পড়েন। এতে তাঁর নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয় এবং তিনি অচেতন হয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর এলাকাবাসী মহাদেবকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তবে অভিযুক্ত মাহবুব পলাতক রয়েছেন।

নিহতের বড় মেয়ে উর্মিলা মণ্ডল বলেন, ‘আমার বাবাকে ঘর থেকে ডেকে নিয়ে মারধর করে হত্যা করা হয়েছে। আমরা এখন অসহায় হয়ে পড়েছি। যারা এই হত্যাকাণ্ডে জড়িত, তাদের সর্বোচ্চ শাস্তি চাই।’

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ধীরেন দাস বলেন, ‘ধরে আনার পর মাহবুব থাপ্পড় দিলে নিয়াশার নাক-মুখ দিয়ে রক্ত বের হয়। পরে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।’

এদিকে প্রবাসী অসিম দাসের স্ত্রী পূজা দাস অভিযোগ করেন, তাঁর দেবর মহাদেব দীর্ঘদিন ধরে তাঁকে বিরক্ত করছিলেন। সম্মানহানির উদ্দেশ্যে মিথ্যা অপবাদ দিতেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেন তিনি।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় মহাদেব নামের একজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন।’