৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১২:১৪
মুন্সিগঞ্জে তিনদিনেও খোঁজ মেলেনি নিখোঁজ স্কুল শিক্ষার্থী অনিকের, উদ্বিগ্ন পরিবার
খবরটি শেয়ার করুন:
37

মুন্সিগঞ্জ, ২ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হওয়া সাইদুল ইসলাম অনিক (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর তিন দিন পার হলেও এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে তার পরিবারসহ পুরো এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

জানা যায়, গত ৩১ মার্চ সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে বের হয় অনিক। তবে দিন শেষে সে আর বাড়ি ফিরে আসেনি। পরবর্তীতে পরিবারের সদস্যরা খোঁজ নিতে বিদ্যালয়ে গেলে জানতে পারেন, সে সেদিন স্কুলেই যায়নি।

পারিবারিক সূত্রে জানা গেছে, অনিক গজারিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। বিকাল পর্যন্ত বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

এ ঘটনায় নিখোঁজ কিশোরের মা মোসা. চাঁন বানু গত বুধবার দুপুরে গজারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার নম্বর- ২০।

নিখোঁজ অনিকের মা বলেন, “আমার ছেলে কোথায় আছে জানি না। তিনদিন হয়ে গেল, এখনো কোনো খোঁজ পাইনি। প্রশাসনসহ সবার কাছে আমার ছেলেকে দ্রুত খুঁজে পেতে সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও জানান, অনিকের গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল লম্বাটে এবং উচ্চতা আনুমানিক ৫ ফুট ৫ ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল আকাশি রঙের স্কুল ড্রেস এবং সঙ্গে একটি ব্যাগ ছিল।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী জানান, নিখোঁজের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ইতোমধ্যে সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে এবং কিশোরকে উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হচ্ছে।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা