২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ৩:১০
মুন্সিগঞ্জে টিনের ঘরের আড়ায় মিললো বিদেশী পিস্তল, ‘বুলেট গ্যাং’ গ্রুপের প্রধানসহ গ্রেপ্তার দুই
খবরটি শেয়ার করুন:
136

মুন্সিগঞ্জ, ৩১ জানুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

​মুন্সিগঞ্জের লৌহজংয়ে ‘বুলেট গ্যাং’ গ্রুপের প্রধান নুরুল আমিন বুলেটসহ তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এসময় বুলেটের নিয়ন্ত্রণাধীন একটি টিনের ঘরের আড়া থেকে একটি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি, ফেনসিডিল-ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আজ শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার মেদেনীমন্ডল ইউনিয়নের যশলদিয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- যশলদিয়া (কান্দিপাড়া) এলাকার নুরুল আমিন বুলেট (৩৭) এবং তার সহযোগী সুকুমার হাওলাদার (৩৮)।

মুন্সিগঞ্জ আর্মি ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত এই দুজন এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত। দীর্ঘদিন ধরে তাদের গোয়েন্দা নজরদারি করে এই অভিযান পরিচালিত হয়।

এসময় উদ্ধার হয়- একটি ৭.৬৫ মি.মি. টিটি-৩৩ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, ৫ কেজি গাঁজা, ৫০ গ্রাম হেরোইন, ৫০ গ্রাম আফিম, ১৪ পিস ফেনসিডিল, ৮টি মোবাইল ফোন, ২টি দেশীয় ধারালো অস্ত্র এবং মাদক বিক্রির নগদ ১৪ হাজার টাকা।

পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন বলেন, সেনাবাহিনী আসামি ও উদ্ধারকৃত অবৈধ মালামাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।