মুন্সিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় নারীসহ আহত ৫, বাড়িঘর ভাঙচুর
মুন্সিগঞ্জ, ২৫ মার্চ ২০২৬, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে জমি ক্রয় সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের অন্তত ৫ জন আহত হওয়ার অভিযোগ উঠেছে। এসময় বাড়িঘর ভাঙচুর করা হয়।
গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের বালাশুর নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, বালাশুর নতুন বাজার বাশতলা এলাকার বাসিন্দা সুমন মিয়া (২৭) ও তার বাবা হিরু খানের সঙ্গে একই এলাকার রাজা খলিফার কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দিলে তারা নিজ নিজ বাড়িতে ফিরে যান।
কিন্তু এর কিছুক্ষণ পর রাত প্রায় ৮টা ৪৫ মিনিটের দিকে সিরাজ খলিফা, রাজা খলিফা ও রাজিব হাওলাদারের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সুমন মিয়াদের বসতবাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় হামলাকারীরা ঘরে প্রবেশ করে ভাঙচুর শুরু করে। বাধা দিতে গেলে সুমন মিয়া, তার বাবা হিরু খান, বড় ভাই শামীম খান, মা সাফিয়া বেগম (৫০) ও ভাবী তানিয়া বেগম (২৭)-কে মারধর করা হয়। এতে তারা সবাই আহত হন।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা সুমন মিয়ার মাথায় আঘাত করে গুরুতর জখম করে এবং তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এছাড়া শামীম খানের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়।
এ সময় হামলাকারীরা সুমন মিয়ার ভাবীর গলায় থাকা প্রায় ১ ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি, তাদের প্রাণনাশ ও লাশ গুমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে অভিযুক্তরা।
পরে আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত হিরু খানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিঞা বলেন, থানায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

