মুন্সিগঞ্জে আগুনে নিঃস্ব খেয়া ঘাটের মাঝি: তিল তিলে জমানো টাকা ও স্বপ্ন পুড়ে ছাই
মুন্সিগঞ্জ, ২৭ জানুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে এক খেয়া পারাপারের মাঝির বসতঘর ও আজীবনের সঞ্চয়।
সোমবার (২৬ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের গুয়াগাছিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আগুনে সব হারিয়ে এখন দিশেহারা স্থানীয় খেয়া ঘাটের মাঝি কবির মিয়াজী ও তার পরিবার।
প্রাথমিক ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশীরা জানান, ছোট রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত তা বসতঘরে ছড়িয়ে পড়ে। আশপাশে পর্যাপ্ত পানি না থাকায় স্থানীয়রা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। ফলে চোখের পলকেই পরিবারটি সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, আগুনে কবির মিজির ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ঘরে সংরক্ষিত সাত ড্রাম চাল, আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় সকল মালামাল পুড়ে কয়লা হয়ে গেছে।
ভুক্তভোগী কবির মিজি কান্নায় ভেঙে পড়ে জানান, “হঠাৎ আগুন লাগায় ঘর থেকে কিছুই বের করতে পারিনি। পরনের কাপড় ছাড়া আমাদের আর কিছুই অবশিষ্ট নেই।” এতে তার প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন এবং সরকারের কাছে সাহায্যের আকুতি জানান।
কবির মিজির স্ত্রী মনোয়ারা বেগম জানান, ঘরের আসবাবপত্রের পাশাপাশি তাদের লক্ষাধিক টাকা মূল্যের স্বর্ণালংকার ও তিল তিল করে জমানো নগদ টাকাও আগুনের গ্রাসে চলে গেছে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। তারা বর্তমানে খোলা আকাশের নিচে চরম দুর্দশায় দিন কাটাচ্ছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভবেরচর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ফিরোজ আহমেদ বলেন, এলাকাটি নদীবেষ্টিত হওয়ায় যাতায়াতে কিছুটা সীমাবদ্ধতা ছিল। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছেছিলাম, তবে তার আগেই স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হন।
এ বিষয়ে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান জানান, ক্ষতিগ্রস্ত পরিবারটির মানবেতর অবস্থার কথা বিবেচনা করে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার মাধ্যমে দ্রুত এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হবে।


