৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ২:৫৫
মিয়ানমারে পাচারের সময় ২২ হাজার ৫০০ কেজি আলু উদ্ধার, আটক ১০
খবরটি শেয়ার করুন:
55

মুন্সিগঞ্জ, ২৯ মার্চ ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

চট্টগ্রামের সাঙ্গু গ্যাস ফিল্ড সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ আলুসহ ১০ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আজ রোববার (২৯ মার্চ) সকাল ৮টার দিকে কোস্ট গার্ড জাহাজ ‘জয় বাংলা’ এ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে বহন করা পণ্য জব্দ করা হয়।

অভিযানে প্রায় ১১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২২ হাজার ৫০০ কেজি আলু, ২৩০ লিটার ডিজেল এবং পাচারকাজে ব্যবহৃত ফিশিং বোট জব্দ করা হয়। একই সঙ্গে জড়িত ১০ জন পাচারকারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন— করিম উল্লাহ (৩৬), আব্দুর রহিম (২৪), মো. রুবেল (২৬), নবীর হোসেন (৩৮), আজিজুল হক (২০), মো. গিয়াস উদ্দিন (৩২), মো. সোহেল (২২), মো. এবাদুল ইসলাম (২২), নুরুল আবছার (২৫) ও মো. শাহজাহান (৪২)।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত মালামাল ও বোটসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সংস্থাটি আরও জানায়, পাচার ও চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।