৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ২:৫৮
মাঝনদীতে ৩ দিনের নবজাতকের অক্সিজেন সংকট, স্পিডবোটে এগিয়ে এলো কোস্ট গার্ড
খবরটি শেয়ার করুন:
59

মুন্সিগঞ্জ, ৩০ মার্চ ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের মেঘনা নদীতে চলন্ত লঞ্চে অক্সিজেনের অভাবে সংকটাপন্ন ৩ দিনের এক নবজাতককে নাটকীয়ভাবে উদ্ধার করে জরুরি চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে মেঘনা নদীর ষাটনল সংলগ্ন এলাকায় এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সোমবার ভোলার ইলিশা থেকে ‘এমভি সম্পদ’ নামক একটি যাত্রীবাহী লঞ্চে করে তিন দিনের এক অসুস্থ শিশুকে নিয়ে তার বাবা উন্নত চিকিৎসার জন্য ঢাকা যাচ্ছিলেন।

দুপুর ১টার দিকে লঞ্চটি চাঁদপুরের মতলব উত্তর থানাধীন ষাটনল এলাকা অতিক্রম করার সময় শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। অক্সিজেনের অভাবে শিশুটির জীবন ঝুঁকির মুখে পড়লে তার বাবা দিশেহারা হয়ে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিক্যাল টিম অক্সিজেন সিলিন্ডারসহ হাই স্পিড বোট যোগে দ্রুত ওই লঞ্চে পৌঁছায়। অত্যন্ত দ্রুততার সঙ্গে তারা চলন্ত লঞ্চে অবস্থানরত শিশুটিকে অক্সিজেন সহায়তা প্রদান করে এবং প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটির অবস্থা স্থিতিশীল করার চেষ্টা করে।

পরবর্তীতে দ্রুত হাসপাতালে স্থানান্তরের জন্য শিশুটিকে কোস্ট গার্ডের বোটে করে স্টেশন পাগলায় আনা হয়। সেখান থেকে একটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে শিশুটিকে রাজধানীর শ্যামলীস্থ মা ও শিশু হাসপাতালে পৌঁছে দেওয়া হয়।

বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

মাঝনদীতে কোস্ট গার্ডের এমন তড়িৎ ও মানবিক পদক্ষেপে শিশুটির পরিবার ও সাধারণ যাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন।