মাওয়া ঘুরতে যাওয়ার কথা বলে ৩ অটোরিকশা চালক মিলে খুন করেন অপর চালককে
মুন্সিগঞ্জ, ৩১ জানুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক সোহেল রানাকে (২৮) হত্যার চাঞ্চল্যকর রহস্য উদঘাটন করেছে পুলিশ।
মাওয়া ঘুরতে যাওয়ার কথা বলে অটোরিকশা ভাড়া নিয়ে সহকর্মী তিন চালক মিলেই পরিকল্পিতভাবে সোহেলকে শ্বাসরোধ করে হত্যা করে।
এই ঘটনায় জড়িত তিন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত অটোরিকশাটি।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন— দক্ষিণ কেরানীগঞ্জ থানার মো. শিমুল (৩৫), মো. আলাউদ্দিন (৩৩) এবং মো. ফারুক (৩৬)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা এবং নিহত সোহেল রানা সবাই পেশায় অটোরিকশা চালক এবং একে অপরের পূর্ব পরিচিত ছিলেন। গত ২২ জানুয়ারি শ্রীনগরের হাঁসাড়া এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের একটি ব্রিজের নিচ থেকে সোহেল রানার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে ২১ জানুয়ারি সন্ধ্যায় আসামী আলাউদ্দিন ও তার এক সহযোগী ইকুরিয়া থেকে সোহেলের অটোরিকশাটি ভাড়া নেয়। পথে আব্দুল্লাহপুর থেকে শিমুল তাদের সাথে যোগ দেয়। তারা মাওয়া এলাকায় ঘোরাঘুরি করে ফেরার পথে হাঁসাড়া আলমপুর আন্ডারপাসের কাছে নির্জন স্থানে অটোরিকশা থামিয়ে সোহেল রানাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে মরদেহ গুম করার উদ্দেশ্যে ব্রিজের নিচে পানিতে ফেলে দিয়ে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম শনিবার বিকালে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
তিনি জানান, শ্রীনগর থানা পুলিশের একটি বিশেষ টিম তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে গত ৩০ জানুয়ারি আসামীদের গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে আসামীরা জানায়, অটোরিকশাটি বিক্রির উদ্দেশ্যে তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। পরে লুণ্ঠিত অটোরিকশাটি আসামী ফারুকের কাছে ৪০ হাজার টাকায় বিক্রি করা হয়। ফারুকের হেফাজত থেকেই অটোরিকশাটি উদ্ধার করেছে পুলিশ।
এই ঘটনায় জড়িত অপর এক পলাতক আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ সুপার।


