বিক্ষুব্ধ সাংবাদিক সমাজ, সরকারি কর্মচারী মিজানুরের শাস্তির দাবিতে টংগিবাড়ীতে মানববন্ধন
মুন্সিগঞ্জ, ৬ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
দৈনিক মুন্সীগঞ্জের সময়ে দুর্নীতির সংবাদ প্রকাশ করায় দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে মুন্সিগঞ্জের টংড়িবাড়ীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মামলাটি অবিলম্বে প্রত্যাহার ও মুন্সিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের তৃতীয় শ্রেণীর কর্মচারী মিজানুরের শাস্তি নিশ্চিতের দাবিতে স্থানীয় সাংবাদিকরা এ কর্মসূচি পালন করেন। এসময় তারা নিন্দাসূচক বিভিন্ন বক্তব্য রাখেন।
গতকাল রোববার বাদ আছর বিকেলে বিক্রমপুর টংগিবাড়ী সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন টংগিবাড়ী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে টংগিবাড়ী প্রেসক্লাব।
এতে উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সাংবাদিক নেতারা অংশগ্রহণ করেন।
জানা যায়, সম্প্রতি সিভিল সার্জন কার্যালয়ের তৃতীয় শ্রেণীর কর্মচারী স্টেনোটাইপিস্ট মিজানুর রহমানের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়ে মুন্সীগঞ্জের সময়ে সংবাদ প্রকাশ করেন সাংবাদিক আবু সাঈদ দেওয়ান সৌরভ।
সংবাদটি প্রকাশের পরপরই অভিযুক্ত ব্যক্তি সংশ্লিষ্ট প্রতিবেদক ও মুন্সীগঞ্জের সময়ের সম্পাদক মঈনউদ্দিন সুমনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। দুর্নীতি, অনিয়ম ও অসঙ্গতির বিরুদ্ধে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করা তাদের পেশাগত দায়িত্ব। কিন্তু সেই দায়িত্ব পালন করতে গিয়ে যদি সাংবাদিকদের হয়রানির শিকার হতে হয়, তাহলে তা গণমাধ্যমের স্বাধীনতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায়।
এসময় বক্তব্য দেন, টংগিবাড়ী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফিরুজ আলম বিপ্লব, বর্তমান সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, সহ-সভাপতি সামসুদ্দিন তুহিন, সহ-সভাপতি শেখ মো. সোহাগ, সহ-সভাপতি মো. মাসুম হাসান আফিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম পিন্টু, কোষাধ্যক্ষ মো. অনিক শেখ, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও বক্তব্য রাখেন টঙ্গীবাড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক দিন প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মো. জসিম শেখ, দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার জেলা প্রতিনিধি রাব্বি সরদার, সাংবাদিক মো. কিবরিয়া হোসেনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
বক্তারা আরও বলেন, একটি মহলের স্বার্থে সাংবাদিকদের কণ্ঠরোধের অপচেষ্টা কখনোই গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত এই “মিথ্যা ও হয়রানিমূলক” মামলা প্রত্যাহারের দাবি জানান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার না করা হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন। একই সঙ্গে তারা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। মানববন্ধন শেষে সাংবাদিকরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।


