২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সোমবার | সকাল ১১:১২
নদীবেষ্টিত গজারিয়াজুড়ে সেনাবাহিনীর ব্যাপক প্রস্তুতি, চরবলাকি ভোটকেন্দ্র পরিদর্শন
খবরটি শেয়ার করুন:
76

মুন্সিগঞ্জ, ২৬ জানুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ-৩ আসনের অন্তর্ভুক্ত মেঘনা নদীবেষ্টিত উপজেলা গজারিয়ায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। যেকোনো ধরনের অপতৎপরতা, সহিংসতা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে স্থলপথের পাশাপাশি নদীপথেও নিবিড় নজরদারি জোরদার করা হয়েছে।

নদীঘেরা ভৌগোলিক অবস্থানের কারণে গজারিয়ার চরাঞ্চল ও দুর্গম এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ লক্ষ্যে গজারিয়া আর্মি ক্যাম্পে মোতায়েন করা হয়েছে দ্রুতগতির স্পিডবোট, যা মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে নিয়মিত টহল দিচ্ছে। প্রয়োজনে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছাতে প্রস্তুত রয়েছে সেনা সদস্যরা।

এরই ধারাবাহিকতায় আজ সোমবার দুপুরে গজারিয়া সেনা ক্যাম্পের একটি টহল দল হোসেন্দি ইউনিয়নের চরাঞ্চল চরবলাকি এলাকা পরিদর্শন করে। পাশাপাশি ভাটিবলাকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত ভোটকেন্দ্রও সরেজমিনে ঘুরে দেখেন তারা। এ সময় ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, আশপাশের পরিবেশ এবং যাতায়াত পরিস্থিতি খতিয়ে দেখা হয়।

পরিদর্শনকালে সেনা সদস্যরা বিভিন্ন বয়স ও পেশার সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন। তারা ভোটারদের অবাধ ও নির্বিঘ্নভাবে ভোটাধিকার প্রয়োগে উৎসাহ দেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনীর কঠোর অবস্থানের কথা জানান। যেকোনো ধরনের ভয়ভীতি, বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তারা।

স্থানীয় ভোটাররা সেনাবাহিনীর এমন সক্রিয় উপস্থিতিতে স্বস্তি প্রকাশ করে বলেন, চরাঞ্চল ও নদীপথে নজরদারি বাড়ানো হলে ভোটের দিন নিরাপত্তা নিয়ে শঙ্কা অনেকটাই কমে যায়। ফলে নির্বিঘ্নে ভোট দিতে পারবেন বলে আশা করছেন তারা।

নির্বাচনকে কেন্দ্র করে গজারিয়াজুড়ে সেনাবাহিনীর এই তৎপরতায় ভোটের পরিবেশ আরও নিরাপদ ও আস্থাবান হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত; সদর ও গজারিয়া উপজেলা নিয়ে গঠিত জেলার গুরুত্বপূর্ণ নির্বাচনী আসন মুন্সিগঞ্জ-৩। শুধুমাত্র গজারিয়া উপজেলাতে ভোটার সংখ্যা- ১ লাখ ৫৪ হাজার ১৫জন। ৮টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্র- ৫২টি।

যে কোনো ধরনের তথ্য প্রদান, সহযোগিতা বা নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে গজারিয়া আর্মি ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করা যাবে এই নম্বরে— ০১৭৬৯০৯৩৫৪৮