৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | রাত ১১:০৩
দীর্ঘদিন পর জাতীয় রোভার অ্যাডভেঞ্চার ক্যাম্পে মুন্সিগঞ্জ থেকে যাচ্ছেন নারী সদস্য
খবরটি শেয়ার করুন:
48

মুন্সিগঞ্জ, ৩ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

প্রায় এক দশক পর মুন্সিগঞ্জ জেলা রোভার থেকে একজন নারী সদস্য জাতীয় পর্যায়ের রোভার অ্যাডভেঞ্চার ক্যাম্পে অংশগ্রহণ করতে যাচ্ছেন। সরকারি হরগঙ্গা কলেজের রোভার মেট মেহেরুন নেছা রূপা ১৯তম রোভার অ্যাডভেঞ্চার ক্যাম্পে অংশ নিচ্ছেন, যা জেলার জন্য গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

আগামী ৩ থেকে ৭ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আয়োজনে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজারে এই অ্যাডভেঞ্চার ক্যাম্প অনুষ্ঠিত হবে।

সারা দেশের বিভিন্ন ইউনিট থেকে প্রায় ১৫০ জন রোভার ও রোভার লিডার এতে অংশগ্রহণ করবেন।

মুন্সিগঞ্জ জেলা রোভার থেকে মোট ৫ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন সরকারি হরগঙ্গা কলেজের সিনিয়র রোভার মেট আলিফ, সাবেক সিনিয়র রোভার মেট মিজানুর রহমান সেজান, শ্রীনগর সরকারি কলেজের সিনিয়র রোভার মেট শ্রিভাস পাল এবং মুন্সিগঞ্জ পলিটেকনিকের সিনিয়র রোভার মেট শিহাব রানা।

এ বিষয়ে মেহেরুন নেছা রূপা বলেন, ‘জাতীয় পর্যায়ের এই রোভার অ্যাডভেঞ্চার ক্যাম্পে অংশগ্রহণের সুযোগ পেয়ে আমি সত্যিই গর্বিত ও আনন্দিত। মুন্সিগঞ্জ জেলা রোভার থেকে একজন গার্ল-ইন রোভার হিসেবে এতদিন পর অংশ নিতে পারছি, এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আমি বিশ্বাস করি, এই ক্যাম্প থেকে নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারবো, যা ভবিষ্যতে রোভারিং ও ব্যক্তিগত জীবনে কাজে লাগবে।

এই সুযোগটি করে দেওয়ার জন্য মুন্সিগঞ্জ জেলা রোভার কর্তৃপক্ষ, সরকারি হরগঙ্গা কলেজের সম্মানিত অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ সকলের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সবার সহযোগিতা ও উৎসাহ না থাকলে হয়তো এখানে আসা সম্ভব হতো না। আমি চেষ্টা করবো, আমার পারফরম্যান্সের মাধ্যমে মুন্সিগঞ্জ জেলা ও আমার প্রতিষ্ঠানের সুনাম বজায় রাখতে এবং ভবিষ্যতে আরও মেয়েদের রোভারিংয়ে আগ্রহী করে তুলতে।’