মুন্সিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ ‘মাদক ব্যবসায়ী’ গ্রেপ্তার
মুন্সিগঞ্জ, ২৫ জানুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় সহিংসতা ও নাশকতাবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্রসহ মো. সুমন হোসেন (৪০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
আজ রোববার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার কনকসার ইউনিয়নের পাইকারা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে মুন্সিগঞ্জ সদর আর্মি ক্যাম্পের সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই তল্লাশি অভিযান চালায়।
অভিযানে গ্রেপ্তারকৃত সুমনের কাছ থেকে ৮১ পিস ইয়াবা, ১০টি দেশীয় ধারালো অস্ত্র (১টি চায়নিজ কুড়াল, ৪টি চাপাতি, ২টি বড় ছোরা ও ৩টি রামদা), একটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৮১০ টাকা উদ্ধার করা হয়।
আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, সুমন হোসেন লৌহজং উপজেলার কনকসার পাইকারা ও ঝাউটিয়া এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অপরাধমূলক কার্যক্রম রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী এই বিশেষ অভিযান পরিচালনা করছে।
অভিযান শেষে আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লৌহজং থানায় হস্তান্তর করা হয়েছে।
মুন্সিগঞ্জ আর্মি ক্যাম্পের অপারেশন অফিসার (অপস্ অফিসার) এক বিবৃতিতে জানান, বাংলাদেশ সেনাবাহিনী জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বদ্ধপরিকর। যেকোনো ধরনের সন্ত্রাস, নাশকতা এবং মাদকদ্রব্যের বিরুদ্ধে এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
একইসঙ্গে জননিরাপত্তায় যেকোনো সন্দেহজনক কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে প্রদান করার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়েছে।


