মুন্সিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে নৌ ডাকাত নয়ন–পিয়াসের সহযোগী গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার
মুন্সিগঞ্জ, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথবাহিনীর এক অভিযানে শীর্ষ নৌ-ডাকাত নয়ন ও পিয়াসের সহযোগী মনির হোসেন (২৫) গ্রেপ্তার হয়েছেন।
অভিযানে তার দেখানো জায়গা থেকে একটি দেশীয় তৈরি শর্টগান ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন গজারিয়া আর্মি ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সোমবার রাত ১টা থেকে সারাদিনব্যাপী গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নে তল্লাশি অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ভোর আনুমানিক ৫টার দিকে গুয়াগাছিয়া থেকে মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাত দলের বিভিন্ন আস্তানায় পৃথক অভিযান চালিয়ে একটি দেশীয় শর্টগান ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী জানান, উদ্ধারকৃত পাঁচ রাউন্ড গুলির মধ্যে দুই রাউন্ড ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত থানা লুটের ঘটনায় লুণ্ঠিত গুলি হিসেবে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।
সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত মনির হোসেন ডাকাত চক্রের সঙ্গে সরাসরি জড়িত। তিনি গুয়াগাছিয়া ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন নদীর ঘাট এলাকায় নৌযান থেকে চাঁদাবাজির মাধ্যমে অর্থ আদায়ের সঙ্গে যুক্ত থাকার বিষয়টি স্বীকার করেছেন।


