মুন্সিগঞ্জে বিএনপি কার্যালয়ে ব্যানার টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
মুন্সিগঞ্জ, ১৪ অক্টোবর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার আড়িয়ল এলাকায় সদ্য স্থাপিত বিএনপি’র কার্যালয়ে দলীয় ব্যানার টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফয়সাল (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার আড়িয়ল ইউনিয়নের ফজুশাহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল ওই ইউনিয়নের বসাউল্লা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের দলীয় ব্যানার টানাতে একটি ভবনের উপরে উঠেন ফয়সাল। এসময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়লে গুরুতরভাবে দগ্ধ হন তিনি। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন।
নিহতের মামা দ্বীন ইসলাম বলেন, ‘কারেন্টে শর্ট খাওয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে এসে দেখি, ভাগ্নে আর বেঁচে নেই।’
এ বিষয়ে আড়িয়ল ইউনিয়ন বিএনপির সভাপতি আ. আলী নান্টু মাদবর বলেন, আজ ফজুশাহ বাজারে আমাদের একটি শাখা অফিস উদ্বোধনের কথা ছিল। শুনেছি সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক মারা গেছে। তবে নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না বা কে ব্যানার টানাচ্ছিল, তা আমি নিশ্চিত নই।
টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


