২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সোমবার | সকাল ৮:৪৬
মুন্সিগঞ্জে দুই যুবককে তল্লাশি করে পাওয়া গেল ৮০০ পিস ইয়াবা
খবরটি শেয়ার করুন:
1

মুন্সিগঞ্জ, ২ ফেব্রুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ সদর থানাধীন পঞ্চসার ইউনিয়নের চৌরাস্তা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— রামপাল ইউনিয়নের শাঁখারিবাজার এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. মেহেদী হাসান কাশেম (৪২) (বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন গুলশান রোডের ভাড়াটিয়া) এবং বজ্রযোগিনী ইউনিয়নের চুরাইন এলাকার মৃত খলিল শেখের ছেলে শ্যামল শেখ (৪৫)।

মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবির এসআই সৈয়দ হাসিব আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ পঞ্চসার ইউনিয়নের চৌরাস্তায় অবস্থিত নতুন ফেমাস হেলথ কেয়ার হাসপাতালের (প্রস্তাবিত) সামনের পাকা রাস্তায় অবস্থান নেন। সন্ধ্যা ৭টার দিকে সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আজ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।