মুন্সিগঞ্জে ছাদে কবুতরকে খাবার দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
মুন্সিগঞ্জ, ১ ফেব্রুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে নির্মাণাধীন ভবনের ছাদে কবুতরকে খাবার দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ কিশোর সামিউল্লাহ (১৯) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
আজ রোববার রাত ২টার দিকে ঢাকার ন্যাশনাল বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সামিউল্লাহ শ্রীনগর উপজেলার দেউলভোগ এলাকার (পদ্মা ফিজিও থেরাপি সেন্টারের বিপরীত পাশে নির্মাণাধীন ভবন) ইমরান ওরফে ইমারতের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৯ জানুয়ারি সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে সামিউল্লাহ তাদের নিজস্ব নির্মাণাধীন তিন তলা ভবনের ছাদে কবুতরকে খাবার দিতে যান। এ সময় অসাবধানতাবশত ভবনের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনের তারের সাথে জড়িয়ে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকার ন্যাশনাল বার্ন ইউনিটে ভর্তি করেন। সেখানে তিন দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। যুবকের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

