২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ৯:৫৪
ভুল তথ্যে সয়লাব ফেসবুক: কবে জানা যাবে সপু ও মমিন আলীর মনোনয়ন ভাগ্য?
খবরটি শেয়ার করুন:
291

মুন্সিগঞ্জ, ১১ জানুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)​

মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে চাওয়া বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ মমিন আলীর মনোনয়ন সংক্রান্ত শুনানি এখনো সম্পন্ন হয়নি।

আজ রোববার দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে নানা মুখরোচক তথ্য ছড়িয়ে পড়লেও এর কোন সত্যতা পায়নি আমার বিক্রমপুর।

নির্বাচন কমিশনে খোঁজ নিয়ে জানা গেছে, মীর সরফত আলী সপুর আপিল শুনানি আগামী বুধবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১ টার মধ্যে ও মোহাম্মদ মমিন আলীর আপিল শুনানি একইদিন দুপুর ২ টা থেকে ৩টার মধ্যে নির্বাচন ভবনের অডিটোরিয়াম বেইজমেন্ট-২ তে অনুষ্ঠিত হবে।

সপুর আপিল নং- ৩৩০/২০২৬ ও মমিন আলীর আপিল নং- ৩৩৩/২০২৬ এর বিপরীতে হবে এই শুনানি।

প্রসঙ্গত; মুন্সিগঞ্জ-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এই দুই নেতা। নিয়ম অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরসহ প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

প্রাথমিক যাচাই-বাছাই শেষে গত ১ জানুয়ারি জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী স্বাক্ষরিত তথ্যে গরমিল থাকার কারণ দেখিয়ে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

রিটার্নিং অফিসারের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে পরবর্তীতে তারা নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন।