১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ১১:৪৩
ফুটবলের সমর্থকদের উপর হামলা: মোল্লাকান্দিতে অভিযানে ৩ বালতি তাজা ককটেল উদ্ধার করলো সেনাবাহিনী
খবরটি শেয়ার করুন:
194

মুন্সিগঞ্জ, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের চরাঞ্চল মোল্লাকান্দি ইউনিয়নের ঢালিকান্দি এলাকায় পরিত্যক্ত মুদি দোকান থেকে ৩ বালতি তাজা ককটেল ও বেশ কয়েকটি চোরাই ব্যাটারি উদ্ধার করেছে সেনাবাহিনী।

সেখানে আনুমানিক অর্ধশতাধিক ককটেল থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আজ শনিবার রাত ৯টার দিকে ওই এলাকার মানিক শিকদারের বাড়িতে অভিযান করে সেনাসদস্যরা। পরে পাশের একটি পরিত্যক্ত দোকানের ভেতরে ৩টি লাল প্লাস্টিকের বালতি দেখে সন্দেহ হলে তল্লাশি চালিয়ে ককটেলগুলো পাওয়া যায়। এসময় একই জায়গা থেকে বেশ কিছু মোবাইল টাওয়ারে ব্যবহৃত চোরাই ব্যাটারি পাওয়া যায়।

১৯ বীর মাওয়া সেনানিবাসের সিও লেফটেন্যান্ট কর্নেল আকিব জাভেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় উদ্ধারকৃত ককটেলগুলো নির্বাচন পরবর্তী দাঙা সৃষ্টিতে ব্যবহারের জন্য মজুত করা ছিলো। উদ্ধারকৃত ককটেলের বিষয়ে আইনি প্রক্রিয়ার জন্য সেগুলো স্থানীয় থানায় হস্তান্তর করা হবে। এ বিষয়ে তারা পরবর্তী ব্যবস্থা নিবে।

জানা যায়, শনিবার সন্ধ্যায় নোয়াদ্দা এলাকায় মুন্সিগঞ্জ-৩ আসনে পরাজিত এমপি প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থকদের উপর হামলা-ভাঙচুর চালায় স্থানীয় মোফাজ্জল, তার ছেলে জুয়েল ও মানিক শিকদার। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। অভিযান চালিয়ে এসব উদ্ধার করে তারা।

এ বিষয়ে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, মুন্সিগঞ্জে পরিবেশ শান্ত ও সুষ্ঠু রাখতে  জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের নাশকতা বা সহিংসতা কঠোরভাবে দমন করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। আমাদের এই অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।