জাতীয় মেধায় বাজিমাত: বুয়েটে চান্স পেয়ে শ্রীনগরের নাম উজ্জ্বল করলো মেধাবী ছাত্র তালহা
মুন্সিগঞ্জ, ৩০ জানুয়ারি ২০২৬, সাইফুল মৃধা, শ্রীনগর (আমার বিক্রমপুর)
স্বপ্ন ছিল প্রকৌশলী হওয়ার, আর সেই স্বপ্নকেই বাস্তবে রূপ দিলেন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কৃতী সন্তান জোবায়ের হোসেন তালহা।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় ৫৪৩তম স্থান অর্জন করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন তিনি।
বুধবার (২৮ জানুয়ারি) রাতে বুয়েটের ফলাফল প্রকাশের পর এই খুশির সংবাদ ছড়িয়ে পড়লে শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ফরেস্ট্রি অফিসার মো. আমজাদ হোসেনের বাড়িতে আনন্দের বন্যা বয়ে যায়।
মেধাবী এই শিক্ষার্থী ২০২৩ সালে শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং ২০২৫ সালে রাজউক উত্তরা মডেল স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসিতে কৃতিত্বের সাথে গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হন।
ছেলের এই সাফল্যে গর্বিত বাবা মো. আমজাদ হোসেন ‘আমার বিক্রমপুর’-কে বলেন, “আমরা ভীষণ আনন্দিত। স্কুলজীবন থেকেই ওর এবং আমাদের স্বপ্ন ছিল ছেলে বুয়েটে পড়বে। আলহামদুলিল্লাহ, আজ সেই ইচ্ছে পূরণ হয়েছে। আমার সন্তান যেন পড়ালেখা শেষ করে দেশের মানুষের কল্যাণে অবদান রাখতে পারে, সেজন্য সবার কাছে দোয়া চাই।”
সাফল্যের অনুভূতি জানিয়ে তালহা বলেন, “রেজাল্ট দেখার পর প্রথমে নিজের নাম খুঁজে পাচ্ছিলাম না, তখন শরীর অবশ হয়ে আসছিল। কিন্তু রোল দিয়ে সার্চ দেওয়ার পর যখন নাম দেখলাম, তখন খুশিতে আত্মহারা হয়ে যাই। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া।” ভবিষ্যতে দেশেই স্নাতক শেষ করে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
এ বছর বুয়েটের ১ হাজার ৩০৯টি আসনের বিপরীতে লড়াই করেন কয়েক হাজার শিক্ষার্থী। গত ১০ জানুয়ারি অনুষ্ঠিত পরীক্ষায় ৯ হাজার ৫১ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করেন। এর মধ্যে ৫৪৩তম স্থান দখল করে নিজের মেধার জানান দিয়েছেন বিক্রমপুরের এই সন্তান।
বুয়েট সূত্রে জানা গেছে, এবার অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৮৭.৪৪ শতাংশ উপস্থিত ছিলেন, যার মধ্যে ছাত্রদের সংখ্যা ছিল ৭ হাজার ৬৪৪ জন এবং ছাত্রী ছিলেন ২ হাজার ৭০৭ জন।


