ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে মুন্সিগঞ্জে ওয়ার্ড বিএনপি’র তৃণমূল নেতাকর্মীদের কর্মীসভা
মুন্সিগঞ্জ, ২৩ আগস্ট ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া ৩১ দফা,বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি’র তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ‘তারুণ্য নির্ভর’ আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করার আহ্বান জানিয়ে মুন্সিগঞ্জের সিরাজদিখানে অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ড বিএনপির কর্মীসভা।
শনিবার বেলা দেড়টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের কালীনগর এলাকায় কয়েক শতাধিক দলীয় নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নবগঠিত জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
এ সময় বিএনপির প্রবীণ ও ত্যাগি নেতাকর্মীদের সঠিক মূল্যায়নের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে ভেদাভেদ ভুলে কাজ করার অনুরোধ জানান তিনি।
এর আগে কর্মী সভায় আমন্ত্রিত অতিথিদের ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করেন বিএনপি নেতাকর্মীরা।
সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী। বালুচর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. আব্দুল লতিফ ও সদস্য সচিব হাজী আবুল হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন সংগঠন ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পরে অনুষ্ঠান শেষে বালুরচর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন করেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। এরপর অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাত।


