যেখানেই তথ্য পাব, সেখানেই অভিযান চলবে : আইজিপি
জঙ্গি সংশ্লিষ্ট যেখানেই তথ্য পাওয়া যাবে সেখানেই অভিযান চলবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
আজ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের মিলনায়তনে টেররিজম ইন দ্য ওয়েভ অব ইসলামিক স্টেট শীর্ষক এক আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান আইজিপি।
আইজিপি বলেন, মারজান মারা যাওয়ার ফলে গুলশান হামলার তদন্ত বাধাগ্রস্ত হবে না। কারণ সরকারের কাছে সব ধরনের তথ্যই রয়েছে। আর কোনো তথ্যের দরকার নেই। গুলশান হামলার সঙ্গে জড়িত অধিকাংশ ব্যক্তিরা গ্রেপ্তার হয়েছে না হয় নিহত হয়েছে। আর বাকিদের ধরতে জোরালো অভিযান চালানো হবে।
জঙ্গিদের অর্থায়ন সম্পর্কে শহীদুল হক বলেন, জঙ্গিদের অর্থ জোগান দেশ-বিদেশসহ বিভিন্ন জায়গা থেকে আসে। কিছু টাকা আসে ডাকাতি-ছিনতাইয়ের মাধ্যমে। এ ছাড়া মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিভিন্ন হাত হয়ে তাদের কাছে অনেক টাকা আসত।
আইজিপি আরো জানান, জঙ্গিরা হলো হাইলি মোটিভেটেড জঙ্গি। তারা যেখানেই যায় সেখানেই চায় তাদের অনুসারী তৈরি করতে।
গতকাল শুক্রবার ভোররাতে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধে নিহত দুই জঙ্গি মারজান ও সাদ্দাম সম্পর্কে পুলিশ প্রধান বলেন, তাঁরা দুজনই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। গুলশানের হামলায় যে কয়জন মাস্টারমাইন্ড ও পরিকল্পনাকারী ছিল তাদের মধ্যে মারজান অন্যতম। সে ছিল অপারেশনাল কমান্ডার এবং দুর্ধর্ষ প্রকৃতির জঙ্গি। আর সাদ্দাম হল নর্থ বেঙ্গলের দুর্ধর্ষ জঙ্গি। উত্তরবঙ্গে যতগুলো ঘটনা ঘটেছে সবগুলোর সঙ্গে সাদ্দাম জড়িত ছিল। তার নামে পাঁচটি মামলার অভিযোগপত্র রয়েছে। আরো পাঁচটি মামলা তদন্তাধীন আছে। মারজান ও সাদ্দাম নিহত হলেও গুলশান হামলা মামলার অগ্রগতি হচ্ছে। কারণ মারজান ও সাদ্দাম কোথায় কী করেছে সব ধরনের তথ্যই আছে আমাদের কাছে।
নব্য জেএমবির মেজর জিয়ার বিষয়ে আইজিপি বলেন, ‘আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব সদস্যই তাকে খুঁজে বের করার চেষ্টা করছে।


