মুন্সিগঞ্জ ৩: দুই বড় প্রার্থীর সাথে ভোটের মাঠে চমক দেখিয়েছেন জামায়াত জোটের নুরানি
মুন্সিগঞ্জ, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে মুন্সিগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দীতা করে নিজের শক্ত অবস্থান ও সমর্থনের প্রমাণ রেখেছেন জামায়াত জোট সমর্থিত রিকশা প্রতীকের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতি নুর হোসাইন নুরানি। তিনি পেয়েছেন ৫৪ হাজার ৪৫৬ ভোট।
এই আসনে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. কামরুজ্জামান রতন। তিনি পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৬৯১ ভোট।
অন্যদিকে, রতনের নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের প্রার্থী মো. মহিউদ্দিন পেয়েছেন ৮৮ হাজার ৯৩৬ ভোট।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে জেলা রিটার্নিং অফিসার সৈয়দা নুরমহল আশরাফী আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
মুন্সিগঞ্জ-৩ আসনের ১৬৯টি ভোটকেন্দ্র ও ১টি পোস্টাল ব্যালটের কেন্দ্রসহ প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এ ঘোষণা দেয়া হয়।
মুন্সিগঞ্জ-৩ আসনে প্রার্থী ছিলেন ৮ জন। এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সুমন দেওয়ান পেয়েছেন ৬ হাজার ৩৯২ ভোট। বাংলাদেশ লেবার পার্টির আনিছ মোল্লা পেয়েছেন ২৯৪ ভোট, জাতীয় পার্টির আরিফুজ্জামান দিদার পেয়েছেন ৮০৪ ভোট। বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির শেখ মো. কামাল হোসেন পেয়েছেন ৩০৪ ভোট। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শেখ মো. শিমুল পেয়েছেন ১১৪ ভোট।
পোস্টাল ব্যালটের ভোটকেন্দ্রসহ সর্বমোট কেন্দ্র ছিলো ১৭০টি। ভোট দিয়েছেন ২ লাখ ৮২ হাজার ৪৬৯ জন। এর মধ্যে বাতিল হয়েছে ৬ হাজার ৪১৮ ভোট। প্রদত্ত ভোটের শতকরা হার ৫৫ দশমিক ৪৪ শতাংশ।


