১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৬:০৩
মুন্সিগঞ্জে ২০১ কোটি টাকার নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল জব্দ
খবরটি শেয়ার করুন:
76

মুন্সিগঞ্জ, ৩০ মার্চ ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে প্রায় ২০১ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ করেছে কোস্ট গার্ড।

আজ সোমবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মার উদ্যোগে মুন্সিগঞ্জের পদ্মা উত্তর থানাধীন পদ্মা সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে সন্দেহজনক দুটি ট্রাক তল্লাশি করে প্রায় ২০০ কোটি ৫৫ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৫ কোটি ৭২ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং ৭০৮ পিস চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত অবৈধ জালসমূহ লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়।

এ সময় ট্রাকের চালক ও হেল্পারের কাছ থেকে মুচলেকা নিয়ে ট্রাকসহ তাদের ছেড়ে দেওয়া হয়।

কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও জানান, দেশের মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।