মুন্সিগঞ্জে হামলায় আহতের ১৮ দিন পর যুবকের মৃত্যু
মুন্সিগঞ্জ, ২৪ আগস্ট ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে হামলায় আহত হওয়ার ১৮ দিন পর চিকিৎসাধীন অবস্থায় কাউছার খান (২০) নামের এক যুবকের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার দিবাগত রাত ২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই যুবক। নিহত কাউছার উপজেলার বাসাইল ইউনিয়নের ডাকাতিয়াপাড়া গ্রামের কাইয়ুম খানের ছেলে।
নিহতের বাবা কাইয়ুম খান বলেন, ১৮ দিন আমার ছেলে চিকিৎসাধীন অবস্থায় ছিল। গতরাতে ঢাকা মেডিকেলে মৃত্যুবরণ করে। আমার ছেলের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ বিচারের দাবি জানাচ্ছি। এখনো প্রধান আসামিসহ অন্যরা গ্রেফতার হয়নি। দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, এ ঘটনায় কাউসারের বাবা কাইয়ুম খান বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ এবং ৭-৮ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন। এখন পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ৬ আগস্ট সন্ধ্যায় উপজেলার বাসাইল ইউনিয়নের রাঙ্গাবালিয়া মওলবি মাঠ এলাকায় মাটি ভরাট ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাসাইল গ্রামের মৃত রাজ্জাক হাওলাদারের ছেলে অপু হাওলাদার ও ডাকাতিয়াপাড়া গ্রামের কুদ্দুছ খানের ছেলে জাকির খানের গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় অপু হাওলাদারের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কাউছারকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কাউছারের।
এদিকে, রোববার বিকালে বিকেলে নিহত কাউছারের দাফন সম্পন্ন হয়েছে। বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের টোল বাসাইল গ্রামের মুসলিমপাড়া মহিউস সুন্নাহ মাদরাসা প্রাঙ্গণে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।


