মুন্সিগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আটক
মুন্সিগঞ্জে ধারালো অস্ত্র দিয়ে মিতু আক্তার (৩৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগে তার স্বামীকে আটক করেছে পুলিশ। জেলার মিরকাদিম পৌরসভার নৈদীঘিরপাড় এলাকায় শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে।
নিহত মিতুর স্বজনদের অভিযোগ, পারিবারিক কলহের জেরে শুক্রবার ভোরে স্বামী মোহাম্মদ মিন্টু ধারালো অস্ত্র দিয়ে মিতুকে কুপিয়ে হত্যা করে। মিতুর ১০ বছরের সন্তান সাজ্জাদ বিষয়টি স্বজনদের জানায়। পরে তারা দ্রুত মিতুকে মুন্সীগঞ্জ সদরের জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. প্রনয় মান্না দাস সাংবাদিকদের জানান, মিতুর পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত আছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মিতুর মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইউনুচ আলী জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মিতুর স্বামী ভ্যানচালক মিন্টুকে আটক করে মুন্সিগঞ্জ সদর থানায় নিয়ে আসে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।









