মুন্সিগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরণ
মুন্সিগঞ্জ, ১৭ জুলাই ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
বিদেশ গমনের সময় হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সাবেক সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পাভেলকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।
পরে আজ বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ তাকে মুন্সিগঞ্জে ফিরিয়ে এনে জুলাই গণঅভ্যুত্থানে আহত মুন্সিগঞ্জ শহরের মাঈনুল ইসলাম মারুফের দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকালে আদালতে প্রেরণ করে। পরে বিকাল ৫ টার দিকে মুন্সিগঞ্জ আমলী আদালত-১ এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশীকুর রহমান পাভেলকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়- মুন্সিগঞ্জ সদর থানা থেকে বের করে কারাগারে পাঠানোর সময় পুলিশের ভ্যান থেকে ‘জয় বাংলা- জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছেন সাবেক এই ছাত্রনেতা পাভেল।
পাভেলের পরিবারের দাবি, তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেগুলো সব গত বছরের ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরে আন্দোলনের ঘটনায়। কিন্তু ফয়েজ আহমেদ পাভেল ওই তারিখে জীবিকার তাগিদে দেশের বাইরে প্রবাসে ছিলেন। তার পাসপোর্টেও সেই প্রমাণ রয়েছে। এছাড়া বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাভেল মুন্সিগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থক ছিলেন। এই আসনের স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লব নির্বাচনে বিজয়ী হলে এরপর থেকেই এলাকা থেকে বিতাড়িত ছিলেন পাভেল।
পরিবারের সদস্যরা আরও জানান, সরকার পতনের আগ থেকে বিদেশে থাকলেও সম্প্রতি দেশে আসেন পাভেল। পরে গতকাল বুধবার রাতে বিমানবন্দরে আটক হন তিনি।
ফয়েজ আহমেদ পাভেল জেলা সদরের পঞ্চসার ইউনিয়নের ভট্টাচার্য্যরবাগ গ্রামের প্রয়াত আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান ওরফে হবি ঢালীর ছেলে।
মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম জানান, গত বছরের ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ মাইনুল হাসান মারুফের দায়েরকৃত মামলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পাভেলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই মামলার এজাহারভুক্ত আসামী সে। পুলিশ জিজ্ঞাসাবারে জন্য সাতদিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে প্রেরণ করেন। পরে আদালত আগামী রোববার রিমান্ড শুনানীর দিন ধার্য করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


