১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ১০:৫৭
মুন্সিগঞ্জে নিজ বসতঘরে মিললো গলায় ‘তার পেঁচানো’ যুবকের মরদেহ
খবরটি শেয়ার করুন:
274

মুন্সিগঞ্জ, ৬ ফেব্রুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের মধ্য বাঘড়া এলাকায় নিজ বসতঘর থেকে ‘গলায় তার পেঁচানো’ অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইমরান মোড়ল (৩০) নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইমরান স্থানীয় মানিক মোড়লের ছেলে। তার বাড়ি শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের মধ্য বাঘড়া এলাকার বেপারী বাড়ি।

এর আগে গত ৩ দিন ধরে তার কোন খোঁজখবর পাওয়া যাচ্ছিলো না।

স্বজনরা জানান, ঘরটিতে ইমরান একাই বসবাস করছিলেন। তার পিতা একজন প্রবাসী, মা বোনের বাড়িতে আর স্ত্রী ছিলেন পিত্রালয়ে।

শুক্রবার সন্ধ্যায় ইমরানের চাচা জহির মোড়ল তার বাড়িতে গিয়ে তালাবদ্ধ ঘর দেখতে পেয়ে তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করেন এবং গলায় মোবাইলের তার পেঁচানো অবস্থায় মেঝেতে পরে থাকতে দেখে তিনি আশপাশের লোকজনকে ডাকেন। পরে খবর দেয়া হয় পুলিশকে।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, গলায় তার পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষ হলে মৃত্যুর প্রকৃত ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।