মুন্সিগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় নেয়ার পথে প্রাণ গেছে আইনজীবীর
মুন্সিগঞ্জ, ২৭ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের ধলাগাঁও রাঢ়ী বাড়ি এলাকার বাসিন্দা এবং জেলা আইনজীবী সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাহিদ উজ্জল ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ২টার দিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গুজনিত অসুস্থতার কারণে অ্যাডভোকেট নাহিদ উজ্জলকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে রাত ২টার দিকে তিনি মারা যান।
অ্যাডভোকেট নাহিদ উজ্জলের মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শোক জানিয়েছেন তার সহকর্মী, স্বজন ও স্থানীয়রা।
মরহুমের পরিবারের পক্ষ থেকে তার আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।









