মুন্সিগঞ্জের মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস থামিয়ে স্বর্ণ ব্যবসায়ীর সাড়ে ৯ লাখ টাকা লুট
মুন্সিগঞ্জ, ২৪ ডিসেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে চলন্ত বাস থামিয়ে ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলটি এক স্বর্ণ ব্যবসায়ীর পথরোধ করে তাকে অপহরণের পর মারধর করে নগদ ৯ লাখ ৫২ হাজার টাকা ও একটি দামী মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ছনবাড়ি ফ্লাইওভারের ওপর এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর এলাকার স্বর্ণ ব্যবসায়ী লিটন পাল (৪০) ওইদিন ঢাকা থেকে স্বর্ণ বিক্রি করে নগদ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। বিকেল ৩টার দিকে তিনি গুলিস্তান থেকে ‘প্রচেষ্টা পরিবহন’-এর একটি বাসে ওঠেন। বাসটি ছনবাড়ি ফ্লাইওভারের ওপর পৌঁছালে একটি সাদা মাইক্রোবাস সেটির গতিরোধ করে সামনে আড়াআড়িভাবে দাঁড়িয়ে যায়।
পরবর্তীতে মাইক্রোবাস থেকে ৪-৫ জন ব্যক্তি নেমে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাসে ওঠে। তারা লিটন পালকে ‘মামলার আসামি’ হিসেবে শনাক্ত করার নাটক সাজিয়ে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেয়। চলন্ত মাইক্রোবাসে তাকে বেধড়ক মারধর করে স্বর্ণ বিক্রির ৯ লাখ ৫২ হাজার টাকা এবং একটি স্যামসাং স্মার্টফোন কেড়ে নেওয়া হয়। এরপর দীর্ঘক্ষণ বিভিন্ন এলাকায় ঘুরিয়ে ডাকাত চক্রটি তাকে পদ্মা সেতুর উত্তর থানার কুমারভোগ এলাকায় সড়কের পাশে ফেলে দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী লিটন পাল ওই রাতেই শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিয়া জানান, ‘লিখিত অভিযোগ আমরা পেয়েছি। ডিবি পরিচয়ে ছিনতাইয়ের বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও টাকা উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে।’


