প্রধানমন্ত্রীর ঘর নির্মাণে অনিয়ম, মুন্সিগঞ্জে আরও এক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা
মুন্সিগঞ্জ, ৯ জুলাই, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে দুর্নীতি-অনিয়মের অভিযোগে গঠিত তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সদর উপজেলা প্রকৌশলী মাজেদুল হক সজীব কে প্রত্যাহার করা হয়েছে।
মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদুর রহমান ‘আমার বিক্রমপুর’ কে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে একই ঘটনায় ওএসডি হয়েছেন সাবেক ইউএনও রুবায়েত হায়াৎ শিপলু ও বর্তমান সহকারী কমিশনার ভূমি শেখ মেজবাহ উল সাবেরিন।
এ নিয়ে মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের কালিরচর দক্ষিণকান্দি এলাকায় প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে অনিয়ম-দুর্নীতির অভিযোগে ৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিলো সরকার।
এদিকে আজ শুক্রবার (৯ জুলাই) দুপুরে আশ্রয়ণ-২ প্রকল্পের পরিচালক মাহবুব হোসেন এর নেতৃত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুইটি টিম সরেজমিন তদন্ত করেছে। এসময় মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কাজি নাহিদ রসূল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


