১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সোমবার | সন্ধ্যা ৭:৫৫
টংগিবাড়ীতে বন্যা পরিস্থিতির অবনতি
খবরটি শেয়ার করুন:
80

শেখ রাসেলঃ টঙ্গীবাড়ি উপজেলায় বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারন করেছে।

উপজেলার হাসাইল, বানারী গারুড়গাও, পাঁচনখোলা, আটিগাও, বিদগাও, সরিষাবন, ধোপড়াবাসা, মাইজগাও, কান্দিরবাড়ী, ধানকোড়া গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

প্রবল স্রোতে হুমকির মুখে পড়েছে হাসাইল – গারুড়গাও বাজার কাচা সংযোগ সড়কটি।

কয়েকদিন ধরে তূলনা মূলকভাবে বৃষ্টি কম হলেও উজান হতে নেমে আসা ঢলের পানিতে বিপদ সীমার উপরে রয়েছে পদ্মার পানি।

পানিবন্দি হওয়া অনেকেই নিরাপদ আশ্রয়ের সন্ধানে বাধ্য হয়ে হাসাইল, পাঁচগাও, কামারখাড়া ও দিঘিরপাড় গ্রামে আত্মীয় স্বজনদের বাড়ীতে আশ্রয় নিচ্ছেন।

সরেজমিনে উপজেলার চরাঞ্চলের গ্রাম গুলোতে গিয়ে দেখা যায় যে, বন্যার পানিতে তলিয়ে গেছে অনেক ধানী জমি, দিন মজুরেরা কাজ কর্ম না পেয়ে পড়েছেন বিপাকে। নেই কোন সরকারি বেসরকারি কোন সহযোগীতা। সব মিলিয়ে বন্যা কবলিত মানুষ গুলো মানবেতর জীবন যাপন করছেন।

উপজেলার কান্দিরপাড়া গ্রামের সোনিয়া আক্তার (২০) বলেন, আমরা বন্যার পানিতে অনেক সমস্যায় আছি। কোন প্রকার সাহায্য সহযোগীতা পাচ্ছিনা।

সরিষাবন গ্রামের আবুল কালাম(৪০) জানান, এক আল্লাহ ছাড়া আমাগো সাহায্য করার কেউ নাই। সাহায্যের লইগা তো কাউরে এক কেজি চাউল ও আনতে দেখলাম না।

বানারী গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক স্হানীয় এক যুবক জানান, ভোট আসলে ভাই ভাই, ভোট গেলে….. ( প্রকাশ অযোগ্য), ভোটের পর কেউ কোন খবর রাখেনা।

উপজেলার বন্যা কবলিত গ্রাম গুলোতে সাহায্যের জন্য অনেককেই দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট দিতে।

এদিকে উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ আগামী সপ্তাহের মধ্যে বন্যা কবলিত গ্রাম গুলোতে ত্রান পাঠাবেন বলে জানিয়েছেন ।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা