জুলাই হত্যা মামলায় মুন্সিগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লব ৭ দিনের রিমান্ডে
মুন্সিগঞ্জ, ১ জুলাই ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
গত বছরের ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় ছাত্র-জনতার এক দফা দাবির আন্দোলন চলাকালীন নিহত সজল মোল্লা হত্যা মামলায় প্রধান আসামি মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১ এর বিচারক মো. আশীকুর রহমান শুনানি শেষে এই আদেশ দেন।
এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) সজিব দে ফয়সাল বিপ্লবের ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানিতে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
পরে ফয়সাল বিপ্লবকে কড়া পুলিশি পাহাড়ায় পুনরায় মুন্সিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়।
এদিকে, সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা ফয়সাল বিপ্লবের শুনানি শেষে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে আদালত এলাকার বাইরের সড়কে মিছিল করেছে জেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় তারা বিপ্লবের কুশপুত্তলিকা দাহ করে।
প্রসঙ্গত; গত বছরের ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় ছাত্র-জনতার এক দফা দাবির আন্দোলন চলাকালীন সশস্ত্র আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। এসময় পুলিশও আন্দোলনকারীদের দমাতে গুলি ছোড়ে। একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শহরের উত্তর ইসলামপুর এলাকার রিয়াজুল ফরাজী, নুর মোহাম্মদ ওরফে ডিপজল ও সজল মোল্লা। এছাড়া ঢাকার যাত্রাবাড়িতে নিহত হন মিরকাদিম পৌর ছাত্রদলের সদস্য সচিব মানিক মিয়া শারিক চৌধুরী। এসব ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে দায়েরকৃত হত্যা মামলায় প্রধান আসামি করা হয় মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন পুত্র ও জেলা আওয়ামী লীগের সদস্য, বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদে মুন্সিগঞ্জ-৩ আসন থেকে কাঁচি প্রতীক নিয়ে নির্বাচিত হওয়া সংসদ সদস্য ফয়সাল বিপ্লবকে।
৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর থেকে আত্মগোপনে থাকা বিপ্লব গত ২২ জুন ঢাকার মণিপুরী পাড়া এলাকায় গ্রেপ্তার হন। পরে তাকে রাখা হয় কেরাণীগঞ্জ কারাগারে। সেখান থেকে সোমবার দুপুরে কড়া নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে মুন্সিগঞ্জ কারাগারে আনা হয়। মঙ্গলবার মুন্সিগঞ্জের একটি হত্যা মামলায় আদালতে তোলা হয় বিপ্লবকে।


