জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উপলক্ষে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আলোচনা সভা
মুন্সিগঞ্জ, ২৮ জুলাই ২০২৫, সীমান্ত হাসান রাকিব (আমার বিক্রমপুর)
জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১১টায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ আলোচনা সভা হয়।
আলোচনা সভার আগে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত প্রথমে হাসপাতালে ফ্রি ব্লাড ক্যাম্পিং ও প্যাথলজি বিভাগ পরিদর্শন করে সম্মেলন কক্ষে প্রবেশ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জুলাই শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
জুলাই-আগস্টের ভয়াল সেই দিনে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে সেবাদানকারী চিকিৎসকরা স্মৃতিচারণ করেন। তারা জুলাইয়ের ভয়াবহ দিনগুলোর অভিজ্ঞতা তুলে ধরে সেদিন আহত ও নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
শহিদ পরিবারের প্রতিনিধি সাইফুল ইসলাম তার বক্তব্যে হাসপাতালের নানা সমস্যার কথা তুলে ধরে যোগ্য ও অভিজ্ঞদের নিয়োগের কথা জানান। তিনি আবেগাপ্লুত হয়ে জুলাইয়ের সেই দিনের তার ভাইয়ের কথা বলেন।
ছাত্র প্রতিনিধি রাব্বি জুলাইয়ের রক্তক্ষয়ী ঘটনার স্মৃতিচারণ করে হাসপাতালের দালাল চক্রের দৌরাত্ম্য নিরসনসহ বিভিন্ন বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘রোগীরা এক দরজা দিয়ে ঢুকে আরেক দরজা দিয়ে দালালদের মাধ্যমে অন্যত্র নিয়ে যাওয়া হয়। তার পর রোগী আসলেই তাদের ঢাকা পাঠিয়ে দেওয়া হয় এসব ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করা হচ্ছে।’
এছাড়া জুলাই যোদ্ধা রাইসুল ইসলামসহ অতিথিরা তাদের মূল্যবান বক্তব্য রাখেন।
২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহম্মেদ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এটিএম ওবাইদুল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মো. মুজাহিদুল ইসলাম, ডা. মো. মনজুরুল আলম ও ডা. আবু হেনা মোস্তফা জামাল, শিশু বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. দেওয়ান নিজামউদ্দিন আহমেদ, জুনিয়র কনসালটেন্ট ডা. অঞ্জন চন্দ্র কর্মকার, ইমারজেন্সি মেডিকেল অফিসার মাসুদ উর রহমান ও স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মো. মুজাহিদুল ইসলাম, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ড. মো. আরিফুজ জামানসহ শহিদ পরিবার, জুলাই আহত, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি ও রেড ক্রিসেন্ট হরগঙ্গা টিম। ডা. আহম্মেদ কবিরের সমাপনী বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি হয়।


