১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | বিকাল ৪:০৪
চর কিশোরগঞ্জে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের
খবরটি শেয়ার করুন:
171

মুন্সিগঞ্জ, ১ মে ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সীমান্তবর্তী নারায়ণগঞ্জের শম্ভুপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ কলেজ ছাত্র ইমাম হোসেন নয়নের (২৬) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় ঘটনাস্থলের কাছ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক সফিকুল ইসলাম এসব তথ্য জানান।

নারায়ণগঞ্জ কলেজের স্নাতক (সম্মান) ৩য় বর্ষের ছাত্র নয়ন নারায়ণগঞ্জের কুড়েরপাড় গ্রামের জাকির হোসেনের ছেলে। তিন ভাইয়ের মধ্যে সবার ছোট নয়ন পড়াশোনার পাশাপাশি এশিয়া টেক কোম্পানিতে চাকরি করতেন। কোম্পানীর মুন্সিগঞ্জের সহকর্মীদের সঙ্গে ছুটির দিনে বেড়াতে আসেন ‘মিনি কক্সবাজার’ হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের চরকিশোরগঞ্জে।

দুপুর ৩ টার দিকে মেঘনা নদীতে ছয় বন্ধু গোসল করতে নামেন। হঠাৎ হারিয়ে যান নয়ন। বন্ধুরা তাৎক্ষণিক ৯৯৯ কল করে সাহায্য চান। পরে উদ্ধার কাজে অংশ নেয় ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, নৌ পুলিশের সদস্যরা।

উদ্ধারকৃত মরদেহটি পরিবারের কাছে হস্তাস্তর করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা