আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘কিং অফ কারবাসা একাদশ’
306

মুন্সিগঞ্জ, ২০ জুলাই ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পূর্ব হায়রামুন্সা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল ম্যাচ।

আজ রোববার বিকাল ৩টায় অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় লৌহজংয়ের ‘কিং অফ কারবাসা একাদশ’ ও শ্রীনগরের ‘কুকুটিয়া উত্তরপাড়া একাদশ’।

১২ ওভারের এই ম্যাচে প্রথমে ব্যাট করে কিং অফ কারবাসা নির্ধারিত ওভারে প্রতিপক্ষের সামনে ১৪৪ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেয়। জবাবে কুকুটিয়া উত্তরপাড়া একাদশ মাত্র ৪ রানের ব্যবধানে ১৪০ রানে থেমে যায়। ফলে এই লড়াইয়ে জয় ছিনিয়ে নেয় ‘কিং অফ কারবাসা একাদশ’।

ম্যাচ শেষে বিজয়ী দলকে এক লক্ষ টাকার চেক ও চ্যাম্পিয়ন ট্রফি এবং রানারআপ দলকে পঞ্চাশ হাজার টাকার চেক ও সম্মাননা ট্রফি প্রদান করা হয়।

ফাইনাল ম্যাচে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন কিং অফ কারবাসার জাহিদ এবং পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের ভিত্তিতে ‘ম্যান অব দ্য সিরিজ’ নির্বাচিত হন আকিব।

এই টুর্নামেন্টে ফাইনাল ম্যাচ পরিচালনায় দায়িত্ব পালন করেন জাতীয় দলের দুইজন অভিজ্ঞ আম্পায়ার। ম্যাচের ধারাভাষ্যে ছিলেন শাফিম আহম্মেদ অপি।

টুর্নামেন্টের উদ্বোধন করেন, বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ রফিক। ফাইনাল খেলা শেষে অতিথিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বাবু গায়েশ্বর চন্দ্র রায়। প্রধান বক্তা ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. সাইদুল ইসলাম মৃধা, শ্রীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. তাজুল ইসলাম এবং কুকুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মতিউর রহমান খান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ও জিয়া স্মৃতি পাঠাগার মুন্সিগঞ্জ জেলা সভাপতি মো. ফরহাদ হোসেন।

এছাড়াও অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ সিটি ব্যবসায়িক সমিতি ও বিএনপি নেতা মো. ইমন উল্লাহ মাস্তান। কেরানীগঞ্জ গার্মেন্টস মালিক সমিতির সাধারণ সম্পাদক শওকত হোসেন সোনা মিয়া সহ মিঠু মৃধা, সাইফুল, আশিক মৃধা, জুয়েল শেখ, রুপল ইসলাম প্রমুখ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ