১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রবিবার | বিকাল ৫:৪৫
অন্তর্বর্তীকালীন সরকারের দেশ পরিচালনার ব্যর্থতায় পরবর্তী সরকার পরিচালনা কঠিন হয়ে দাড়াবে- বিএনপি নেতা রিপন
খবরটি শেয়ার করুন:
143

মুন্সিগঞ্জ, ২৫ জুলাই ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ড.আসাদুজ্জামান রিপন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। তাদের ব্যর্থতার কারনে পরবর্তী নির্বাচিত সরকারের জন্য সরকার পরিচালনা কঠিন হয়ে দাড়াবে। গত ১০ মাসে সরকার সমাজ, রাষ্ট্রের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষমতা দেখাতে পারেনি।

আজ শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার যশলদিয়া কবুতরখোলা বাজার মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সভায় এসব কথা বলেন আসাদুজ্জামান রিপন।

আসাদুজ্জামান রিপন বলেন, প্রফেসর মোহাম্মদ ইউনুসের উপদেষ্টা পরিষদের অধিকাংশই সরকার পরিচালনায় দক্ষ নন, তাদের অনেকেই তাদের মন্ত্রণালয়কে স্থবির করে ফেলেছেন। গত কিছুদিন আগে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় অনেকগুলো শিশু মারা গিয়েছে। আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। কিন্তু এই সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে সেই ঘটনায় আমরা খুঁজে পেলাম না। স্বাস্থ্য উপদেষ্টা কোথায়? এমতাবস্থায় সরকার প্রধানের উচিত হবে, সরকারে প্রাণ ফিরিয়ে আনতে অবিলম্বে তাঁর উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনা।

জুলাই শহীদদের প্রতি সম্মান ও স্বীকৃতি প্রসঙ্গে ড.আসাদুজ্জামান রিপন বলেন, জুলাই শহীদদের সরকার যথাযথ সম্মান করতে ব্যর্থ হয়েছে। এক বছর অতিবাহিত হতে চলছে। এখনো প্রকৃত শহীদদের তালিকা প্রণয়নের কাজে সরকার বিলম্ব করছে। দ্রুত সময়ের মধ্যে শহীদসহ হতাহত সকল জুলাই বীরদের তালিকা প্রকাশ ও যথাযথ সম্মান নিশ্চিত করতে হবে।

তারেক রমানের বিরুদ্ধে কটুক্তির বিষয়ে মন্তব্য করে ড. রিপন বলেন, যারা নির্বাচন পিছিয়ে অপশক্তিকে মদদ যোগাচ্ছেন, তারাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি করছেন। বিএনপি ও তারেক রহমানকে বিতর্কিত করার অপচেষ্টায় নিয়োজিত অপশক্তির পরিচয় এখন উন্মোচিত। তারেক রহমান এই সরকারকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। নির্বাচন পর্যন্ত পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। সে মোতাবেক সরকারকে সহযোগিতা করে যাচ্ছেন। অথচ এই সরকারের মদদ নিয়ে তারেক রহমানের বিরুদ্ধে কুচক্রি মহল একের পর এক অপপ্রচার ও কটুক্তি করে যাচ্ছেন।

তাদের বিরুদ্ধে সরকারকে এখনই পদক্ষেপ নিতে হবে। নয়ত ওই মহলটির অদূরদর্শী কর্মকাণ্ডে নির্বাচনী পথনকশাও বাঁধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন।

মেদিনীমণ্ডল ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহ আলম মোল্লার সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরো উপস্তিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো.জাহাঙ্গীর হোসেন, সহ সাধারণ সম্পাদক রনি মৃধা, লৌহজং উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি মোশারফ হোসেনসহ ছাত্রদল, যুবদল ও বিএনপির অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতা-কর্মী।